জাতীয় পরিচয়পত্র না থাকায় লাইনে দাঁড়িয়েও অনেকে ট্রেনের টিকিট পাচ্ছেন না। আবার কেউ কেউ আত্মীয়-স্বজনকে ফোন করে পরিচয়পত্র এনে টিকিট সংগ্রহ করছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় অনেকেই পাচ্ছেন না ট্রেনের টিকিট। আবার কেউ কেউ লাইনে দাঁড়িয়ে থেকেই পরিবারের অন্য সদস্যদের ফোন করে পরিচয়পত্র এনে সংগ্রহ করছেন ট্রেনের টিকিট।
শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর কমলাপুর, ফুলবাড়িয়া ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া স্টেশনের সুপারভাইজার ও রেলওয়ের পরিবহন পরিদর্শক (বাণিজ্যিক) তৌফিকুল আজিম বলেন, এবার জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকিট দেওয়ার নিয়ম নেই। টিকিট কালোবাজারি রোধ করতে এই ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এখন থেকে পরিচয়পত্র দিয়েই টিকিট নিতে হবে।
টিকিট হাতে পেয়ে এক যাত্রী বলেন, সেহরির পর পর লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেয়েছি। টিকিটি নিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর বলতে হয়। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ চারটি পর্যন্ত টিকিট পাওয়া যায়। এর বেশি টিকিট নিতে হলে অধিক জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়।
ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় কমাতে রাজধানীর ৫টি স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টেশনগুলো হলো- কমলাপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।
ইদের সম্ভাব্য দিন ৩ মে ধরে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সে হিসেবে ২৩ এপ্রিল দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট, ২৪ এপ্রিল দেওয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৫ এপ্রিল দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট, ২৬ ও ২৭ এপ্রিল দেওয়া হবে ১ মে'র টিকিট। আর ৩ মে ইদ হলে ২৮ এপ্রিল বিক্রি করা হবে ২ মের টিকিট।